রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সম্প্রতি বহরে যুক্ত করেছে দুটি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ, ‘বাংলার নবযাত্রা’ ও ‘বাংলার প্রগতি’। আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কেনা হয়েছে।
জাহাজগুলোর আন্তর্জাতিক ভ্যালুয়ারদের দ্বারা প্রাক্কলিত মূল্য ছিল ৪০.২ মিলিয়ন ডলার। কিন্তু বিএসসি প্রতিটি জাহাজ কিনেছে ৩৮.৩৪ মিলিয়ন ডলারে। ফলে প্রাক্কলিত মূল্যের চেয়ে প্রায় ৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। জাহাজ দুটি ইতিমধ্যেই কার্যকরভাবে বাণিজ্যিক রুটে পরিচালিত হচ্ছে এবং বিনিয়োগকৃত অর্থ আগামী ৬-৭ বছরের মধ্যে পূর্ণ প্রতিফলন হবে বলে আশা করা হচ্ছে।
বিএসসি জানায়, জাহাজ দুটি আধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের ইক্যুইপমেন্টে সজ্জিত। চীনে নির্মিত হলেও প্রধান যন্ত্রপাতি ওয়েস্টার্ন ও জাপানি অরিজিনের। জাহাজগুলো এ্যারোডাইনামিক শেপ ও ডুয়েল ফুয়েল রেট্রোফিট সম্পন্ন, যা অন্যান্য জাহাজের তুলনায় ৩০-৪০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী। এছাড়া জাহাজ দুটি আন্তর্জাতিক পোর্ট স্টেট কন্ট্রোল ও ক্লাসের সব ইন্সপেকশনে ‘জিরো ডেফিসিয়েন্সি’ পেয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, “৫৪ বছরের ইতিহাসে এই দুই জাহাজের অর্জন আমাদের সর্বোচ্চ বাণিজ্যিক সাফল্য।” সরকারি অনুমোদন ও পৃথক টেকনিক্যাল, টেন্ডার ও প্রাক্কলন কমিটির সমন্বয়ে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় জাহাজ দুটি ক্রয় করা হয়েছে।
বিএসসির নতুন জাহাজ দুটি দেশের বৈদেশিক মুদ্রা আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রত্যাশা করা হচ্ছে, বছরে জাহাজ দুটি থেকে ১৫০ কোটি টাকার আয় হবে।