চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মনজুর হোসেন টাক্কুল (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকালে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর হোসেন টাক্কুল শান্তি নিকেতন এলাকায় অবস্থানকালে কয়েকজন অবৈধ অস্ত্রধারী তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ বলেন, সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বালু তোলা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে নিহত মনজুরকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী থেকে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।