আফ্রিকার দেশ মোজাম্বিকে সরকারবিরোধী চলমান আন্দোলনে অরাজক পরিস্থিতি ও সহিংসতায় সে দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা চরম সংকটে দিন পার করছে। আন্দোলনের নামে লুটপাট থেকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
৯ অক্টোবর মোজাম্বিকের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা ভেনান্সিও মন্ডলেন আন্দোলনের বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। সেই সুযোগে আন্দোলনকারীরা আন্দোলনের নামে বিদেশিদের দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালানো হচ্ছে। গত অক্টোবর মাস থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচশতাধিক বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মোজাম্বিকে বসবাসরত প্রবাসীরা মোজাম্বিক সরকারের কোন প্রশাসনিক সহযোগিতা না পাওয়ায় তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে।
মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান সকল বাংলাদেশিদের আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করেছেন।
১৫ জানুয়ারি রাষ্ট্রপতির শপথ গ্রহণকে কেন্দ্র করে বিরোধী দলের নেতা ভেনান্সিও মন্ডলেন সোমবার (১৩ জানুয়ারি) থেকে বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। ইতোমধ্যে ইয়াহম্বানি ইয়াহনসোরো একটি গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। জাম্বেজিয়া প্রদেশের মিলান্জি শহরে আন্দোলনকারীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে ফাকা গুলি করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন ঘটনা ঘটার সংবাদ পাওয়া যায়নি। তবে রাষ্ট্রপতির শপথ গ্রহনের দিন (১৫ জানুয়ারি) পরিস্থিতি অবনতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।