বাসস্ট্যান্ড, কর্মস্থল, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, শপিং মলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। রায়ের অনুলিপি সাংবাদিকদের হাতে এসেছে।
রায়ে আদালত আরও বলেন, ব্রেস্ট ফিডিং রুমগুলো আলোবাতাসের সুব্যবস্থাসহ নিরাপদ ও সুসজ্জিত হতে হবে এবং মায়েরা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে করতে পারে। রায়ে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করায় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে যা এই কোর্ট প্রশংসা করে। যদিও ইতোমধ্যে অনেক জায়গায় ব্রেস্ট ফিডিং রুম করা হয়েছে তবুও অন্যান্য পাবলিক প্লেসে তা করে যেতে হবে। আদালত আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দ্রুততম যৌক্তিক সময়ের মধ্যে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের সকল পদক্ষেপ গ্রহণ করবেন।