প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।