বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ১২ ঘণ্টা ভাসমান অবস্থায় থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ইদ্রিস নামের এক জেলে বঙ্গোপসাগর থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনিসহ আরও তিনজন জেলে আগের দিন ২১ জানুয়ারি মাছ ধরার উদ্দেশ্যে সেন্ট মার্টিন দ্বীপ থেকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেন। ছেড়াদ্বীপ পার হওয়ার কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।
ইঞ্জিন বিকল হওয়ার পর নৌকাটি সাগরে ভাসতে থাকে। প্রায় ১২ ঘণ্টা ধরে তাঁরা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। এ সময় কয়েকটি ট্রলার চোখে পড়লেও সাহায্যের জন্য চিৎকার করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সাগরের স্রোত ও ঢেউয়ের কারণে নিজেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না জেলেরা। ঘন কুয়াশার কারণে আশপাশও ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে তাঁদের ধারণা ছিল, তাঁরা ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিনের আশপাশের কোনো এলাকায় ভাসছেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড কন্ট্রোল রুম এবং সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনকে বিষয়টি জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯–এর কলটেকার কনস্টেবল নাঈম ইসলাম। উদ্ধার কার্যক্রমে তদারকি ও সমন্বয় করেন ৯৯৯–এর ডিসপাচার এসআই সাব্বির আহমেদ নিক্সন।
সংবাদ পাওয়ার পর সেন্ট মার্টিন কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল অভিযানে নামে। সকাল ১০টার দিকে ছেড়াদ্বীপ থেকে প্রায় ১২ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্রের বাদরপাথর এলাকায় ভাসমান অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাঁদের নিরাপদে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে দেওয়া হয়। সেন্ট মার্টিন কোস্টগার্ডের পেটি অফিসার মোস্তাফিজ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।