লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় ফের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় নয়নের বাড়িতে কয়েকজন যুবক এসে 'জুলাই যোদ্ধা' পরিচয়ে আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সংস্কার কাজ চলমান থাকায় একটি নিরাপত্তা দেয়ালও ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এবং তার আগে ২০২৪ সালের ৫ আগস্টও একইভাবে নয়নের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।
সংস্কার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিক আব্দুল মাজেদ বলেন, 'আমরা সংস্কার কাজ করছিলাম। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।'
স্থানীয়রা জানায়, বিকেলে 'জুলাই যোদ্ধা' পরিচয়ে একটি দল উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে নিচতলায় আগুন দেয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় যুবক মেহেদী হাসান বলেন, 'স্বৈরাচার ও তাদের দোসরদের সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।'
স্থানীয়রা বলছেন, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে পলাতক। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে না থাকায় বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছে।