ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে হামলায় অন্তত ১০ আদিবাসী শিক্ষার্থী ও তাদের সমর্থক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা' এবং 'স্টুডেন্ট ফর সভরেন্টি'- এই দুই গ্রুপের মধ্যে হাতাহাতির পর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আদিবাসী শিক্ষার্থীরা আজ বুধবার পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে এনসিটিবি ভবনের সামনে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আদিবাসী শিক্ষার্থীরা এনসিটিবি ভবনের সামনে পৌঁছানোর আগেই 'স্টুডেন্ট ফর সভরেন্টি'র সদস্যরা জাতীয় পতাকা বাঁধা ক্রিকেট স্ট্যাম্প হাতে সেখানে অবস্থান নেয়। এসময় সেখানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই গ্রুপকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। কিছুক্ষণ পর 'স্টুডেন্ট ফর সভরেন্টি'র সদস্যরা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে এক ডজনেরও বেশি মানুষ আহত হন।
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী' শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি' নামের একটি সংগঠন৷
অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ব্যানারে পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায় আদিবাসীরা৷
এনসিটিবির সামনে আগে থেকেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি'র ব্যানারে একটটি দল অবস্থান করছিল৷ পরে দুপুর পৌনে ১২টার দিকে সেখানে যায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ব্যানারধারীরা৷ সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে কর্মসূচিটি ছিল পূর্বনির্ধারিত৷ স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারেও সেখানে গতকাল কর্মসূচি দেওয়া হয়৷
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে দলটি এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়৷ পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়৷ তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে৷ প্রথম আলোর সাংবাদিক জানান, বেলা একটার কিছু সময় পর কিছু মানুষ সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা দলটির ওপর হামলা চালান৷ এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে একজন নারী৷
স্টুডেন্ট ফর সভারেন্টি দাবি করেছে, তাদের ওপর হামলা হয়েছে৷ অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার অভিযোগ, তাদের ওপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে৷
পুলিশ তখন লাঠিপেটা করে দুই পক্ষকে সরিয়ে দিয়ে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেয়৷ বেলা দেড়টা পর্যন্ত স্টুডেন্ট ফর সভরেন্টি মতিঝিলের শাপলা চত্বর এলাকার দিকে ছিল৷ আর সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা মানুষেরা ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছিলেন৷
নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী' শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল৷ কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি৷ এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়৷
তবে স্টুডেন্ট ফর সভারেন্টি আগের গ্রাফিতিটি সংযোজনের দায়ে রাখাল রাহা ওরফে সাজ্জাদের অপসারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি করছে৷