শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ প্রতিবেদন

১৫ বিলিয়ন ডলারের সমুদ্রবাণিজ্য, ৫৩ বছরেও শক্তিশালী নৌবহর গড়তে পারেনি বিএসসি

নিজস্ব প্রতিবেদক | ০৯ আগস্ট ২০২৬

দেশের সমুদ্রবাণিজ্যের পরিধি বাড়লেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বহর বাড়ছে ধীরগতিতে। ৫৩ বছরে নানা উত্থান-পতনের পর বর্তমানে বিএসসির বহরে রয়েছে মাত্র সাতটি জাহাজ। অথচ দেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের বাজারের মোট ব্যয় প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর বড় অংশই যাচ্ছে বিদেশি জাহাজ কোম্পানিগুলোর হাতে।

বিএসসির বহর সম্প্রসারণে নতুন করে সাতটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হলেও প্রকল্পগুলোর বড় অংশ এখনো প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে আছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, জাহাজ কেনার প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ভৌত অবকাঠামো বিভাগে যাবে। সেখান থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে ডিপিপি কবে ভৌত অবকাঠামো বিভাগে যাবে, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সময়সীমা বলা যাচ্ছে না।

১৯৭৩ সালে যাত্রা শুরু করে বিএসসি। সে সময় সংস্থাটির বহরে ছিল মাত্র দুটি জাহাজ। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে আরও ৪৪টি জাহাজ যুক্ত হলেও পুরোনো জাহাজগুলোর আয়ুষ্কাল শেষ হওয়ায় নব্বইয়ের দশকের শেষ দিকে ৩৬টি জাহাজ বহর থেকে বাদ দেওয়া হয়। একপর্যায়ে বহরে জাহাজের সংখ্যা নেমে আসে মাত্র দুটিতে।

২০১৮ সালে চীন থেকে ছয়টি জাহাজ কেনার পর বিএসসির বহর বেড়ে দাঁড়ায় আটটিতে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনে ক্ষতিগ্রস্ত হয় ‘বাংলার সমৃদ্ধি’। গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’। পরে জাহাজ দুটিকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়।

তবে সাম্প্রতিক সময়ে নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার ক্ষেত্রে গতি এসেছে। গত ১০ মাসে চীনে নির্মিত ৬৩ হাজার ৫০০ ডেডওয়েট টন ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার বিএসসির বহরে যুক্ত হয়েছে। ‘এমভি বাংলার প্রগতি’ ২০২৫ সালের ২৮ অক্টোবর এবং একই ধারণক্ষমতার ‘এমভি বাংলার নবযাত্রা’ ২০২৬ সালের ৩০ জানুয়ারি বহরে যুক্ত হয়। জাহাজ দুটির জন্য ব্যয় হয়েছে প্রায় ৬৯০ কোটি টাকা।

বিএসসির ইতিহাসে প্রথমবারের মতো পুরো অর্থ নিজস্ব তহবিল থেকে দিয়ে জাহাজ দুটি কেনা হয়েছে। সংস্থাটির কর্মকর্তাদের মতে, নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার সক্ষমতা বিএসসির আর্থিক অবস্থার উন্নতিরও ইঙ্গিত দিচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ঋণ বা সরকারি অর্থে জাহাজ কেনার প্রক্রিয়া তুলনামূলক দীর্ঘ। বিপরীতে নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত ও বাস্তবায়ন দ্রুত করা সম্ভব। দীর্ঘদিন লোকসানে থাকা বিএসসি গত দুই অর্থবছরে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা লাভ করেছে। এ সময়ে নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার সক্ষমতাও তৈরি হয়েছে।

এদিকে দেশের সমুদ্রবাণিজ্যের বাজারে দেশীয় জাহাজের অংশগ্রহণ এখনো সীমিত। সরকারি-বেসরকারি মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার, কনটেইনার জাহাজ এবং গ্যাস ও তেলবাহী ট্যাংকার মিলিয়ে দেশের জাহাজগুলো একসঙ্গে প্রায় ৫৬ লাখ টন পণ্য পরিবহন করতে সক্ষম। দেশীয় জাহাজে পণ্য পরিবহনের মাধ্যমে বছরে প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা দেশে আসে।

অন্যদিকে সমুদ্রপথে বাংলাদেশের পণ্য পরিবহনের মোট ব্যয় প্রায় ১৫ বিলিয়ন ডলার। ফলে বিপুল এই বাজারের বড় অংশ বিদেশি জাহাজ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। দেশীয় বেসরকারি জাহাজ মালিকরা ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করলেও রাষ্ট্রীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে বিএসসি এখনো সেই তুলনায় পিছিয়ে।

বিশ্লেষকদের মতে, দেশের সমুদ্রবাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রাষ্ট্রীয় নৌবহর সম্প্রসারণের বিকল্প নেই। বিএসসির নিজস্ব অর্থায়নে নতুন জাহাজ কেনার সাম্প্রতিক সক্ষমতা সেই সম্ভাবনা তৈরি করলেও সরকারি অর্থায়ন ও ঋণনির্ভর প্রকল্পের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া এখনো বড় বাধা হয়ে আছে।

নতুন সাতটি জাহাজ কেনার উদ্যোগ বাস্তবায়িত হলে বিএসসির বহর কিছুটা শক্তিশালী হবে। তবে ১৫ বিলিয়ন ডলারের সমুদ্রপথের পণ্য পরিবহন বাজারের তুলনায় সেই বহর কতটা সক্ষমতা তৈরি করতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন। দেশের সমুদ্রবাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত জাহাজ সংগ্রহ করতে না পারলে বিপুল পরিমাণ অর্থ বিদেশি জাহাজভাড়াতেই ব্যয় হতে থাকবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী