বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
রবিবার (২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিপিসির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে তাঁকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।
রেজানুর রহমানের বদলির এক সপ্তাহ পর বিপিসির চেয়ারম্যানের দায়িত্বে নতুন করে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো মো. জিয়াউল হককে। অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।