আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২ আগস্ট) সন্ধ্যা থেকে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা কার্যকর হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে আগের মাসের তুলনায় ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়েছে।
এর আগে জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। যদিও জুলাই মাসে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা, যা জুলাই মাসে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির সৌদি আরামকোর চুক্তিমূল্য (সিপি), আমদানি ব্যয়, পরিবহন ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়।