বেসরকারি পর্যায়ে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের খসড়া নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইস্টার্ন রিফাইনারী এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় নেতারা জ্বালানি বিভাগ কর্তৃক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।
সিবিএর সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বেসরকারিভাবে জ্বালানি আমদানি ও বিপণনের এই প্রস্তাব দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশের অতি গুরুত্বপূর্ণ এই খাতকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি করার ষড়যন্ত্র করা হলে ইস্টার্ন রিফাইনারী এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) ও বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃত্বে কঠিন আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সিবিএর সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেন, বিপিসি ও এর আওতাধীন সব প্রতিষ্ঠান লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারিভাবে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি আমদানি, পরিশোধন, বিতরণ ও বিপণনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তিনি বলেন, একনেক অনুমোদিত ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প দ্রুততম সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে দেশের বর্তমান জ্বালানি চাহিদা শতভাগ সরকারিভাবেই বিপিসির মাধ্যমে পূরণের সক্ষমতা বহুগুণে বাড়বে এবং ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন ছাড়া বেসরকারি রিফাইনারিকে অপরিশোধিত জ্বালানি আমদানি ও পরিশোধনের অনুমোদন দেওয়ার কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না। দেশের এই গুরুত্বপূর্ণ খাতে নতুন করে কোনো জটিলতা সৃষ্টি না করে জ্বালানি নিরাপত্তার স্বার্থে বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার ও জ্বালানি বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন আবু মোহাম্মদ নোমান, জাহেদুল আলম, আবু নাঈম সুজন, আবদুর রহিম, আশরাফুল মাওলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।