ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. শরীফ হাসনাতকে অবসর-পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদনক্রমে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে বিপিসি। আদেশ অনুযায়ী, আগামী ২২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে ইআরএলের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকৌশলী মো. শরীফ হাসনাত ২০২৪ সালের ২৫ আগস্ট ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। রাষ্ট্রায়ত্ত খাতে দেশের একমাত্র তেল শোধনাগার প্রতিষ্ঠানটিতে তিনি ১৯৯৪ সালে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইন্সপেকশন, সেফটি ও ইনস্টলেশন শাখায় দায়িত্ব পালনের পর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন। আমদানি করা জ্বালানি তেল স্বল্প সময়ে ও কম ব্যয়ে খালাসের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।
বিপিসির অফিস আদেশে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে তাঁর নিয়মিত চাকরি থেকে অবসর গ্রহণের অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত বেতনকে ভিত্তি ধরে এমডি পদের বেতন-ভাতা নির্ধারণ করা হবে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। আগামী এক মাসের মধ্যে তাঁর সঙ্গে নিয়োগ চুক্তি সম্পাদন করতে হবে।